শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সৌদি আরব স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষার দিক বিবেচনা করে ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা প্রদান করেছে। এতে বলা হয়েছে, মক্কার গ্র্যান্ড মসজিদে ওমরাহ সম্পন্ন করার পর শুধুমাত্র অনুমোদিত নাপিতের কাছে চুল কাটাতে উৎসাহিত করা হচ্ছে।
সৌদি হজ মন্ত্রণালয় গুরুত্বসহকারে ওমরাহ পালনকারীদের হেরাম শরিফের নিকটস্থ নির্ধারিত নাপিত বা সেলুনে চুল কাটানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এতে তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ রক্ষিত থাকবে। এই বিশেষ স্থানগুলো নিরাপদ পরিষেবা নিশ্চিত করার জন্য জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে।
মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, “গ্র্যান্ড মসজিদের আশপাশের নির্ধারিত স্থানে অনুমোদিত নাপিতের মাধ্যমে চুল ছাঁটা বা মাথা মুণ্ডানোর নির্দেশনা দেয়া হয়েছে। এতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিষেবা পাওয়া যায়, যেখানে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়।”
সৌদি সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ১ কোটি ৩৫ লাখ মুসলিম ওমরাহ পালন করেছেন। দেশটি আগামী বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ মুসলিমকে ওমরাহ পালন করার জন্য স্বাগত জানাতে পরিকল্পনা করেছে।
ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে এবং এই ভিসাধারীরা স্থলপথ, আকাশপথ, এবং সমুদ্রপথ দিয়ে দেশজুড়ে প্রবেশের পাশাপাশি যেকোনো বিমানবন্দর থেকে গমন করতে পারবেন।