মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
সবকিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে ভোটের আগেই স্বেচ্ছাচারিতা ও নোংরামির অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই নির্বাচনের প্রেক্ষাপটে মুখ খুলেছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা তারকা সাকিব আল হাসান। তিনি আশা প্রকাশ করেছেন, যারা নির্বাচিত হবেন তারা যেন দেশের ক্রিকেটের প্রকৃত উন্নয়ন ও সুশাসনের জন্য কাজ করেন।
নির্বাচনের উষ্ণতা কতটা অনুভব করছেন— এমন প্রশ্নে সাকিবের সোজাসাপটা উত্তর, “আমি আসলে বিষয়গুলো খুব একটা ফলো করিনি। তবে প্রত্যাশা থাকবে, যারা দায়িত্বে আসবেন, তারা যেন সত্যিই বিসিবির উন্নতির জন্য কাজ করেন। সবার প্রতি রইল শুভকামনা।”
তামিম ইকবাল এরই মধ্যে বিসিবি নির্বাচনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে সাকিব বেশ সতর্ক ভঙ্গিতে বলেন, “এই নির্বাচন সংক্রান্ত খবর আমি তেমনভাবে দেখি না। কাজেই আসলে কী হচ্ছে তা বলা কঠিন। আমার মনে হয়, যেটা জানা নেই, সে বিষয়ে মন্তব্য না করাই শ্রেয়।”
এদিকে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভালো খেলার পরও ফাইনালের দৌড়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে সাকিবের মতে, সামগ্রিকভাবে বাংলাদেশ দল প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছে।
তিনি বলেন, “সবদিক মিলিয়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। শুধু পাকিস্তান ম্যাচটা একটু ব্যর্থ হয়েছে। ওখানে পরিকল্পনা মোটামুটি ঠিক ছিল। কিন্তু ওদের ১৩৫ রান করা অনেক বেশি হয়ে যায়। মূলত ফিল্ডিং আমাদের হতাশ করেছে। কয়েকটা ক্যাচ ধরতে পারলে ১০০ রানের মধ্যেই ওদের গুটিয়ে দেওয়া যেত। ওভাবে হলে খেলার মোড়টাই ঘুরে যেত।”