শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত, এক নারী আহত – এলাকায় আতঙ্ক!
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় ইউপিডিএফ কর্মী প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন দলের সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন এক নারী। আজ সকালে তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান স্থানীয় অস্তিন ত্রিপুরা, যিনি বাসনা ত্রিপুরার ছেলে। আহত হন তার বোন, তারাপতি ত্রিপুরা।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৭টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা হেডম্যান পাড়ায় ঢুকে নির্বিচারে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান অস্তিন ত্রিপুরা। ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা দাবি করেছেন, সন্ত্রাসীরা তাদের দলের ওপর হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, জনসংহতি সমিতির সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। তবে, জনসংহতি সমিতির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তবে দুর্গম এলাকা ও নেটওয়ার্ক সংকটের কারণে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাচ্ছে না।