বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
ফরিদপুরের নগরকান্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, এতে অন্তত ২৮ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে নামেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, এম এম পরিবহনের বাসটি ৫০ জন বরযাত্রী নিয়ে গোয়ালন্দ থেকে বরিশালে বিয়ের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ মামুন গণমাধ্যমকে বলেন, “আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।”