বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৪টি দোকান ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা!
নওগাঁর মান্দায় জুমার নামাজের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার বারিল্যা বটতলা বাজারে এ আগুন লাগে, যাতে অন্তত ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম জানান, যখন বাজারের ব্যবসায়ীরা নামাজে ব্যস্ত, তখনই আল-আমিনের মুদিখানার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় আতঙ্কের। মান্দা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, “আমার মেডিসিনের দোকান পুরোপুরি পুড়ে গেছে। এছাড়া আমিনুল ইসলামের সার-কীটনাশক, এনামুলের কম্পিউটার ও ফটোকপি, মোশারফ হোসেনের স্টুডিও অ্যান্ড কম্পিউটার, সাগর হোসেনের মুদিখানাসহ মোট ১৪টি দোকান আগুনে নিশ্চিহ্ন হয়েছে। আমার ক্ষতির পরিমাণই ৩ লাখ টাকার ওপরে।”
ক্ষতিগ্রস্ত সার ও কীটনাশক ব্যবসায়ী আমিনুল ইসলাম হতাশ কণ্ঠে বলেন, “জুমার নামাজের জন্য দুপুরে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। এরপর খবর পাই, আমার দোকানে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে সব পুড়ে গেছে, প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়ে গেল!”
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিডার শফিউর রহমান জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক হিসাবে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।