শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। কারা ফটকে নেত্রকোনা থেকে আসা তাঁর সমর্থক ও বিএনপির নেতা-কর্মীরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় উচ্চ আদালতের খালাসের চিঠি কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়। ২০০৭ সাল থেকে বাবর কারাগারে ছিলেন।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাটে ১০ ট্রাক অস্ত্র জব্দের ঘটনায় দুটি মামলা হয়েছিল। এসব মামলায় ২০১৪ সালে বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে উচ্চ আদালতে এসব সাজা থেকে তিনি খালাস পান।
বাবর ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর মুক্তির খবর পেয়ে নেত্রকোনা থেকে সমর্থকেরা কারাগারে ভিড় করেন। নেত্রকোনার বিএনপি নেতা ফুল মিয়া বলেন, ‘দীর্ঘদিন পর আমাদের নেতাকে পেয়ে আমরা আনন্দিত।’