শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
গোলাম কিবরিয়া, রাজশাহী
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে বোর্ডের কার্যালয়ে একটি সংবর্ধনা আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো. এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হকসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কর্মকর্তারা একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সচিব প্রফেসর হুমায়ূন কবীর বলেন, “বোর্ডের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করব।”
দায়িত্ব গ্রহণের পর প্রফেসর মোফাখখারুল ইসলাম তার অফিস কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু ও আধুনিক পরিবেশ নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করব।”
নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে রাজশাহী শিক্ষা বোর্ড শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।