শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নাটোরের বাগাতিপাড়া উপজেলার জয়ন্তপুর গ্রামে বিএনপি নেতা রশিদ চৌধুরীর বাড়িতে এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘটেছে। রশিদ চৌধুরী দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ঘটনায় কেউ গুলিবিদ্ধ না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
রশিদ চৌধুরী জানিয়েছেন, সোমবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে থাকায় তিনি নিশ্চিত হতে পারেননি, কারা এই হামলার সঙ্গে জড়িত।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা গভীর রাতে বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে ৭ রাউন্ড গুলির খোসা এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। হামলার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। তবে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন ওসি আমিনুল ইসলাম।