শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করেই তারা কারেন্ট জাল ব্যবহার করছিল।
মঙ্গলবার মধ্যরাতে দৌলতদিয়া নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালনা করে পদ্মা নদীর কলাবাগান এলাকা থেকে ৬ হাজার মিটার কারেন্ট জাল ও আনুমানিক ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে এসব ইলিশ স্থানীয় দৌলতদিয়া খানকা শরিফের এতিমখানায় বিতরণ করা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ২টি মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা কারেন্ট জাল আলামত হিসেবে রাখা হয়েছে।