শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী উপজেলা প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে তা’লিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সনদ প্রদান ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় পৌরসভা মডেল মসজিদ কমপ্লেক্সের নিচতলায় আয়োজিত এ অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা আমীর মাওলানা মোহাম্মদ বদরুদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
মাওলানা বদরুদ্দিন বলেন, “পবিত্র কোরআন মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। কোরআনের আলোয় ব্যক্তি, পরিবার ও সমাজ গড়ে তোলা ওলামায়ে কেরামদের মূল দায়িত্ব। আজ যেসব শিক্ষার্থী সনদ পেয়েছে, তারা যেন কোরআনের শিক্ষা জীবনে ধারণ করে সমাজে আলো ছড়ায়।”
প্রফেসর ইলিয়াস মোল্লা বলেন, “আমাদের সমাজ আজ নৈতিক সংকটে ভুগছে। এই অন্ধকার কাটাতে কোরআনভিত্তিক শিক্ষা ও ইসলামি আদর্শের কোনো বিকল্প নেই। তরুণরা যদি আল্লাহর বাণীকে হৃদয়ে ধারণ করে, তবে সমাজে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠিত হবে। আলেম সমাজের ঐক্যই জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।”
বক্তারা ইসলামি শিক্ষা বিস্তারে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান এবং সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া উপস্থিত ছিলেন তা’লিমুল কুরআন ফাউন্ডেশন ফরিদপুর জেলার সভাপতি মাওলানা সোহরাব হোসেন, পৌর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়া, পৌর জামায়াত আমীর সৈয়দ নিয়ামুল হাসান, সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলীসহ স্থানীয় আলেমসমাজ, ধর্মপ্রাণ মুসলমান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।