শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
কক্সবাজারের সমুদ্র দেখতে গিয়েছিলেন পাঁচ বন্ধু। বেড়ানো শেষে গতকাল শনিবার রাতে তিনজন বাসে করে এবং বাকি দুইজন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। আনন্দে ভরা কয়েকটি দিনের স্মৃতি সঙ্গে নিয়ে ফিরলেও সেই আনন্দ ম্লান হয়ে যায় এক মর্মান্তিক দুর্ঘটনায়। মোটরসাইকেল চালানো দুই বন্ধু, মোহাম্মদ সোহেল এবং মোহাম্মদ রিফাত, কক্সবাজারের চকরিয়ায় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান।
শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া এলাকার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মোহাম্মদ সোহেল (২২) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে। অপর নিহত মোহাম্মদ রিফাত (২২) একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঙ্গা মিয়ার ছেলে। তাঁদের অকাল মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা তাঁদের এভাবে হারানোর শোক মেনে নিতে পারছেন না।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, সোহেল ও রিফাত কক্সবাজার থেকে মোটরসাইকেলে রওনা হয়ে চকরিয়ার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে যায় এবং দুইজনই ঘটনাস্থলেই প্রাণ হারান।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ব্যবসায়ী মো. সেলিম ওয়াহিদ জানান, তিন দিন আগে সোহেল ও রিফাতসহ পাঁচ বন্ধু কক্সবাজারে বেড়াতে যান। আনন্দঘন মুহূর্ত কাটিয়ে গতকাল রাতে তাঁরা বাড়ি ফেরার পথে ছিলেন। তিনজন বাসে ফিরছিলেন, আর সোহেল ও রিফাত মোটরসাইকেলে। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই দুর্ঘটনায় মারা যান তাঁরা। সড়ক দুর্ঘটনার ফলে তরুণদের এমন অকাল মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।
চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. আরিফুল আমিন জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। রাত দুইটার দিকে নিহতদের আত্মীয়স্বজন মরদেহ শনাক্ত করেন এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনায় জড়িত লরি ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।