সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সাদিকা জাহান
নিত্যদিনের জীবনে ফুলের গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র কাউকে অভ্যর্থনা জানানোর জন্যই ফুল ব্যবহার করা হয় না; বরং সৌন্দর্যচর্চা ও স্বাস্থ্য রক্ষাতেও ফুলের ভূমিকা গুরুত্বপূর্ণ। ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের পরিচর্যাতেও নানা ধরনের ফুল ব্যবহৃত হয়ে থাকে।
ত্বকের যত্নে গোলাপ যেমন কার্যকরী, ঠিক তেমনি চুলের যত্নে জুঁইফুল দারুণ উপকারী। বিশেষজ্ঞদের মতে, জুঁইফুল থেকে তৈরি তেল চুলের ঘনত্ব বাড়াতে সহায়ক। পাশাপাশি, মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধেও এটি কার্যকরী ভূমিকা পালন করে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের জুঁইফুলের তেল পাওয়া গেলেও, এগুলো তুলনামূলকভাবে বেশ ব্যয়বহুল। তবে চাইলেই ঘরোয়া উপায়ে সহজেই এই তেল তৈরি করা সম্ভব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে-
১। যদি টাটকা জুঁইফুল ব্যবহার করেন, তাহলে তা ভালোভাবে ধুয়ে নিতে হবে। শুকনো ফুল হলে সরাসরি ব্যবহার করা যাবে।
২। কাচের একটি পাত্রে পরিমাণ মতো নারকেল তেল নিন। চাইলে অলিভ অয়েল, তিলের তেল বা কাঠবাদামের তেলও ব্যবহার করা যেতে পারে।
৩। এবার তেলের মধ্যে শুকনো জুঁইফুল দিয়ে দিন, যাতে ফুলগুলো সম্পূর্ণ তেলে ডুবে থাকে।
৪। এরপর তেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস এবং কয়েক ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে দিন।
৫। এবার বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে এমন জায়গায় রাখুন, যেখানে সরাসরি আলো বা বাতাস খুব বেশি প্রবেশ করে না।
৬। দুই থেকে চার সপ্তাহ এভাবে রেখে দিতে হবে। মাঝে মাঝে পরিষ্কার চামচ দিয়ে আলতোভাবে নেড়ে দিতে হবে।
৭। এক মাস পর ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নিন এবং ব্যবহৃত ফুল ফেলে দিন।
৮। এরপর অন্য একটি পরিষ্কার কাচের বোতলে সংরক্ষণ করুন।
৯। ব্যবহার করতে চাইলে, চুলে তেল লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন। চাইলে হালকা গরম করেও ব্যবহার করা যায়। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই হবে।
এই ঘরোয়া উপায়ে তৈরি জুঁইফুলের তেল নিয়মিত ব্যবহারে চুলের ঘনত্ব বাড়বে এবং মাথার ত্বক সুস্থ থাকবে।