বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ঢাকায় তাপমাত্রা বাড়ছে, সঙ্গে দমকা হাওয়ার ঝুঁকিও!
অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে আজ গরম কিছুটা বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদপ্তর।
পূর্বাভাসে জানানো হয়, আজ ঢাকার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও হালকা অথবা মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বাতাস দক্ষিণ কিংবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানায় গণমাধ্যম।
এদিকে ঢাকাসহ দেশের ১২টি জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যার সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সর্বশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সারাদেশেই সামান্য কমতে পারে বলে জানায় গণমাধ্যম।