শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নির্বাচনের আগেই মিলবে লুট হওয়া সব অস্ত্র?
অনলাইন ডেস্ক
গণঅভ্যুত্থানের সময় ছড়িয়ে পড়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার হয়নি বলে জানালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি বলেন, “লুট হওয়া সব অস্ত্র এখনো হাতে আসেনি, তবে উদ্ধার প্রক্রিয়া জোরালোভাবে চলছে। নির্বাচনের আগে আরও কিছু অস্ত্র উদ্ধার সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, “নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।” মিডিয়ার উদ্দেশে উপদেষ্টা বলেন, “আপনারা যদি সত্যনিষ্ঠ সংবাদ প্রচার করেন, তাহলে কারও পক্ষে বিভ্রান্তি ছড়ানো সম্ভব হবে না। গোপনীয়তার কিছু নেই, সমস্যা তৈরি করতেই কিছু অসৎ মহল অপচেষ্টা চালাচ্ছে।”
একইসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, “অনেক মামলায় যেখানে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ থাকা উচিত ছিল, সেখানে ২০০ জনকে আসামি করা হয়েছে। এ ধরনের ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে সময় বেশি লাগে।” তিনি সতর্ক করে বলেন, “কেউ যেন নিরপরাধ ব্যক্তিকে মামলার জালে না ফেলে, সেটা আমাদের অগ্রাধিকার। স্বার্থান্বেষী মহল এই সুযোগ কাজে লাগিয়ে নিরীহদের ফাঁসাচ্ছে।”
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “আমাদের কাজ আইন-শৃঙ্খলা বজায় রাখা, আর আপনাদের কাজ জনগণের আস্থা অর্জন করে ভোট নেওয়া। সুতরাং অনুরোধ করব, আপনারা যেন মিথ্যা বিভ্রান্তি ছড়িয়ে বিরোধ বাড়িয়ে না তোলেন।”
এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, ইসরাত জাহানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।