রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ঝুঁকিপূর্ণ ভবনেই বসবাস, করাচিতে ১২ প্রাণের করুন বিদায়
অনলাইন ডেস্ক
পাকিস্তানের বন্দরনগরী করাচিতে ভয়াবহভাবে ধসে পড়েছে একটি বহুতল ভবন, কেড়ে নিয়েছে অন্তত ১২টি প্রাণ। আহত হয়েছেন আরও অনেকেই, যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। খবর, গণমাধ্যমের।
শুক্রবার (৪ জুলাই) লি মার্কেটের পাঁচতলা ভবনটির দুটি পিলার হঠাৎ ভেঙে পড়ে, আর তারপরেই ধুলোর সাথে মিশে যায় পুরো ভবনটি।
কয়েকদিন আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্ক করেছিল প্রশাসন। তবে সাম্প্রতিক টানা বৃষ্টিতে আরও নাজুক হয়ে যায় এর কাঠামো। তবুও সেখানেই বাস করছিল একাধিক পরিবার।
ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সময়ের সাথে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমছে। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে জরুরি সেবা সংস্থাগুলো।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ লিয়ারির এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে জরুরি উদ্ধার তৎপরতা জোরদার করতে এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, করাচির দক্ষিণাঞ্চলের লিয়ারি এলাকায় অবস্থিত লি মার্কেট একটি ঐতিহাসিক ও জনবহুল বাজার। ব্রিটিশ প্রকৌশলী মীশাম লিয়ারের নামেই এর নামকরণ। দুর্ঘটনার সময় ভবনটিতে ছিলেন প্রায় শতাধিক বাসিন্দা।