শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইমামকে মারধর এবং মসজিদের দরজা ভেঙে ভেতরে প্রবেশের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীর বিরুদ্ধে। শুক্রবার উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোফায়েল মেম্বার (সাবেক) বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি লাবিব এবং কর্মী সাবনুর ও হোসেন।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার অভিযুক্তরা মসজিদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ইমাম আল-আমীনকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সেলিম মেম্বার বলেন, পবিত্র মসজিদে হামলা এবং ইমামকে মারধরের ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
মসজিদ কমিটির সহসভাপতি মো. বকুল বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযুক্তদের বক্তব্য জানার জন্য তাদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।