রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তে টানা ২৪ ঘণ্টায় (শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত) ১৪ জনের মৃত্যুর খবর উঠে এসেছে। পিটুনি, সংঘর্ষ, ছুরিকাঘাত, পানিতে ডুবে যাওয়া, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ও আত্মহত্যার মতো নানান ঘটনায় প্রাণহানি ঘটে।
গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে এক মার্কিন নাগরিকের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক। খুলনায় খান জাহান আলী সেতুর নিচ থেকে সন্ধ্যায় এক সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। বিকেলে কুমিল্লায় মায়ের সঙ্গে মেয়ের মরদেহ উদ্ধার হয়। আগের রাতে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নাটোরে চোর সন্দেহে মধ্যবয়সী এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে; সিংড়ায় চিরকুট লিখে আত্মহত্যা করেন এক তরুণ।
নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেছে এক যুবকের। মুন্সীগঞ্জের সিরাজদীখানে নদী থেকে এবং শ্রীনগরে কলাবাগান থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। দিনাজপুরের বিরলে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। গণমাধ্যম প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।
গুলশানের হোটেলে পাওয়া মরদেহটি যুক্তরাষ্ট্রের নাগরিক জ্যাকসন (৫০)-এর। ওসি হাফিজুর রহমান জানান, তিনি ব্যবসায়িক কাজে ঢাকায় এসেছিলেন। দুদিন খাবার অর্ডার না করায় সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ দূতাবাস ও পুলিশকে জানায়। পরে কক্ষে গিয়ে দেখা যায়, তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। দূতাবাস কর্তৃপক্ষ লিখিত আবেদনের মাধ্যমে মরদেহ গ্রহণ করেছে।
খুলনায় নিহত সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০) ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার। তার হাত ও মুখে আঘাতের চিহ্ন ছিল। ২৫ বছরের দাম্পত্য জীবনে তিনি ও স্ত্রী ছিলেন নিঃসন্তান। এর আগে স্ত্রী নিখোঁজ হয়েছিলেন বলে জানা যায়।
অন্যদিকে কুমিল্লার রামপুরে মা লুৎফা বেগম (৭০) ও মেয়ে শিল্পী আক্তারকে (৪০) মৃত অবস্থায় পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য ছেলে শাহীন ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। যদিও মরদেহে আঘাতের চিহ্ন ছিল না, ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। একই জেলার কাঁটাবিলে মাদক বিরোধকে কেন্দ্র করে মহরম হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। তার বিরুদ্ধে ১৮টি মামলা ছিল।
নাটোরে নবীর আলী (৫৫) নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয়। সিংড়ায় রিপন কুমার মোদক (২৪) নামে এক ওষুধ কোম্পানির কর্মকর্তা আত্মহত্যার আগে চিরকুট লিখে যান।
নেত্রকোনার মাঝাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজাহান মিয়া (৫৫) ও নূর মোহাম্মদ (৩০) নিহত হন। চট্টগ্রামে কাচমিস্ত্রি পিন্টু (৩৪)-কে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে নিখোঁজ আমজাদ ঢালীর (৪৫) লাশ উদ্ধার হয়, শ্রীনগরের কলাবাগানে কৃষক আয়নাল হকের মরদেহ পাওয়া যায়। কুড়িগ্রামে নদীতে ডুবে বিপ্লব নামের এক তরুণের মৃত্যু হয়। দিনাজপুরের বিরলে দুরারোগ্য ব্যাধিতে ভোগা সবাদ আলী (৭৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।