রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
দাম নেই, স্বপ্ন ভেঙে আলু ছড়িয়ে রাজপথে কৃষক!
অনলাইন ডেস্ক
নওগাঁর কৃষকদের চোখে পানি, কণ্ঠে ক্ষোভ। আলু চাষে ঘুরে দাঁড়ানোর আশায় বুক বেঁধেছিলেন তারা। কিন্তু বাজারে ন্যায্য দাম না পেয়ে সেই স্বপ্ন এখন বেদনায় রূপ নিয়েছে। উৎপাদন খরচের অর্ধেকও না পেয়ে দিশেহারা কৃষকেরা সড়কে আলু ছড়িয়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। রাষ্ট্রের কাছে চেয়েছেন দৃষ্টি ও ন্যায্যতা।
বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন কৃষক ও আলু ব্যবসায়ীরা। তাদের সঙ্গে ছিলেন বগুড়া ও জয়পুরহাট জেলার শতাধিক কৃষকও।
ক্ষুব্ধ কৃষকেরা জানান, প্রতি কেজি আলুতে ১৭-১৮ টাকা লোকসান গুনতে হচ্ছে। কেউ এনজিও থেকে ঋণ নিয়েছেন, কেউ গরু বিক্রি করে আলু চাষে নেমেছিলেন। অথচ বর্তমানে বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১১-১২ টাকায়। যেখানে হিমাগার ভাড়া ও উৎপাদন ব্যয় মিলিয়ে প্রতি কেজির প্রকৃত খরচ ২৫-২৬ টাকা পড়ে। ফলে অনেকেই পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন, কিস্তি শোধে পড়ছেন মহাবিপদে।
কৃষক আব্দুল জলিল বলেন, ‘ধান-চালের মতো আলুরও যদি সরকারিভাবে দাম নির্ধারণ থাকতো, তাহলে আমাদের রাস্তায় দাঁড়াতে হতো না। সার, কীটনাশক, হিমাগার ভাড়া—সব দিয়েছি, কিন্তু বাজারে কোনো দাম নেই। এখন কিভাবে পরিবার নিয়ে বাঁচব?’
কৃষকের কান্না, ক্ষোভ আর প্রতিবাদে মুখরিত হয়ে উঠেছে রাজপথ। ‘গণমাধ্যম’-এর অনুসন্ধানে উঠে এসেছে, ন্যায্য দাম না পাওয়ায় মাঠে ফলানো সোনার ফসল আজ কৃষকের গলার কাঁটা। তাদের দাবি—ত্বরিত ব্যবস্থা নিক রাষ্ট্র, নয়তো কৃষক বাঁচবে না, কৃষিও বাঁচবে না।