রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
খাবার বাদ দিলে ওজন নয়, ডায়াবেটিসই বাড়তে পারে!
অনলাইন ডেস্ক
অনেকেই ব্যস্ততা কিংবা ইচ্ছাকৃতভাবে ওজন কমাতে গিয়ে দিনের একটি বা একাধিক বেলা খাবার খাওয়া এড়িয়ে যান। অনেকেরই ধারণা, এতে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রিত থাকে কিংবা শরীর আরও চটপটে হয়।
কিন্তু সত্যিই কি কোনো বেলার খাবার বাদ দেওয়া স্বাস্থ্যকর, নাকি এর বিপরীত প্রভাব পড়ে শরীরে? গণমাধ্যমের অনুসন্ধানে দেখা যাচ্ছে, খাবার গ্রহণ বা না করার ফলে রক্তে গ্লুকোজের মাত্রায় বড়সড় পার্থক্য দেখা দেয়।
যখন খাবার খাওয়া হয়, তখন শরীর মূল পুষ্টি উপাদান, বিশেষত কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। এই গ্লুকোজ রক্তপ্রবাহে প্রবেশ করে রক্তে চিনির মাত্রা বাড়িয়ে তোলে।
এই সময় ইনসুলিন নামক হরমোন অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়, যা রক্তে থাকা গ্লুকোজকে কোষে প্রবেশ করিয়ে শক্তি হিসেবে ব্যবহার বা ভবিষ্যতের জন্য সঞ্চয়ে সহায়তা করে।
বিশেষ করে সকালের নাস্তা বাদ দিলে এর সরাসরি প্রভাব পড়ে রক্তে গ্লুকোজের ওপর। ২০১৯ সালে স্বাস্থ্যবান তরুণদের ওপর এক গবেষণায় দেখা যায়, যারা সকালের নাস্তা খায়নি, তাদের লাঞ্চের পর রক্তে চিনির মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যায়।
অর্থাৎ, সকালের খাবার না খাওয়ার ফলে শরীর স্বাভাবিক গ্লুকোজ নিয়ন্ত্রণ হারায়, যা ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিস বা প্রিডায়াবেটিসের ঝুঁকি বহুগুণে বাড়ায়।
একই রকম ফলাফল পাওয়া গেছে ২০২০ সালের এক গবেষণায়। যেখানে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নাস্তা বাদ দেওয়ার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা আরও অবনতি ঘটায়।
দুপুর বা রাতের খাবার বাদ দিলেও রক্তে গ্লুকোজের ওপর কিছুটা প্রভাব পড়ে। তবে সকালে না খাওয়ার মতো তীব্র নয়। কারণ সকালের নাস্তা শরীরের মেটাবলিক সিস্টেমকে চালু করে দেয়, আর এটি বাদ দিলে সারাদিনের রক্তচিনির প্রতিক্রিয়া অস্থির হয়ে পড়ে।
ওজন কমাতে কখনো কখনো নির্দিষ্ট সময় ধরে উপবাস কার্যকর হতে পারে ঠিকই, তবে পুরোপুরি বেলা বাদ দেওয়া, বিশেষ করে সকালের নাস্তা এড়িয়ে যাওয়া শরীরের রক্তে গ্লুকোজের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে।
ডায়াবেটিস আক্রান্তদের জন্য তাই নির্দিষ্ট সময়মতো পুষ্টিকর ও পরিমিত খাবার গ্রহণ করা একান্ত প্রয়োজনীয়।
ওজন কমাতে চাইলে খাবার বাদ নয়, বরং কম ক্যালরির স্বাস্থ্যকর খাবারের দিকেই নজর দেওয়া উচিত। বিশেষ করে সকালের নাস্তা না খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরের জন্য বিপজ্জনক হতে পারে।