মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ভিড়ের মাঝেই ছোড়া বোতল, উপদেষ্টার দিকে নজিরবিহীন মুহূর্ত!
অনলাইন ডেস্ক
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারার ঘটনায় অভিযুক্ত যুবককে খুঁজে বের করতে তৎপর পুলিশ, জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে গণমাধ্যমকে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে সন্দেহভাজন এক যুবকের ছবি স্পষ্টভাবে দেখা গেছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথা লক্ষ্য করে ছোড়া বোতলের ঘটনার পেছনে কে ছিল, তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ওই যুবককে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, “ঘটনার তদন্তে আমাদের গোয়েন্দা ইউনিট নিবিড়ভাবে কাজ করছে। ভিডিও ফুটেজ খুঁটিয়ে দেখা হচ্ছে, এবং একাধিক তদন্তকারী দল মাঠে কাজ করছে।”
এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে যান উপদেষ্টা মাহফুজ আলম। কথোপকথনের এক পর্যায়ে হঠাৎ করেই ভিড়ের মধ্য থেকে একটি প্লাস্টিক বোতল তার দিক ছুড়ে মারা হয়। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিও ফুটেজে দেখা যায়, ভিড়ের মধ্যে থেকে এক যুবক ক্যাপ পরে থেকে আচমকা বোতল ছুড়ে দেন। ঘটনার সময় পাশে উপস্থিত ছিলেন পুলিশের একাধিক সদস্য, যাদের একজনকে ওই যুবককে কিছু জিজ্ঞেস করতেও দেখা যায়।
এদিকে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। তারা বলছেন, “সমালোচনা করা এক জিনিস, আর কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করা একেবারে ভিন্ন ও অগ্রহণযোগ্য। মাহফুজ আলমের সঙ্গে যা হয়েছে, তা রাজনৈতিক শালীনতার পরিপন্থী—এর চেয়ে অপমানজনক আর কী হতে পারে?”