মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
“মেগা প্রকল্প ছাড়াই আসছে বাস্তব বাজেট!”
অনলাইন ডেস্ক
নতুন অর্থবছরের বাজেট সম্পর্কে অত্যন্ত বাস্তবভিত্তিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) গ্রহণের পরিকল্পনা জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “ব্যাংক থেকে ঋণ নিয়ে বা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করা হবে না। বড় বড় মেগা প্রকল্প করার জন্য ঋণ নেওয়া হবে না।”
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। অর্থ উপদেষ্টা বৈঠকের সভাপতিত্ব করেন।
ড. সালেহউদ্দিন বলেন, “আমরা বাজেট বাস্তবায়ন করব, তবে কোনো বিরাট গ্যাপের মধ্যে নয়। প্রকল্প এবং এডিপি বাস্তবায়ন করব বাস্তবভিত্তিক উপায়ে। মেগা প্রকল্প বাস্তবায়ন বা ঋণ নিয়ে বাজেট বাস্তবায়ন করব না। তবে, কিছুটা ঘাটতি থাকবে, এবং সেটি পূরণের জন্য আমরা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করছি, যা মোটামুটি সফল হচ্ছে।”
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্ত করার প্রভাব রাজস্ব আদায়ে পড়বে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। এখন পর্যন্ত রাজস্ব আদায় গতবারের তুলনায় ২ শতাংশ বেশি হয়েছে। এটা হতাশাজনক নয়, আমি আরও আশা করছি। অন্তত গতবারের তুলনায় কম হবে না।”
এনবিআর বিভক্ত করার বিষয়ে ড. সালেহউদ্দিন আরও বলেন, “সব দেশে এটা আলাদাভাবে থাকে। কারণ পলিসি বিভাগের জন্য প্রফেশনাল লোক দরকার, যাদের অর্থনীতি, পরিসংখ্যান এবং জিডিপি সম্পর্কে ধারণা থাকে। আর এনবিআর মূলত বাস্তবায়ন করবে। যদি এনবিআর পলিসি তৈরি করে, তখন এটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তৈরি হয়।”
ক্রয় কমিটির বৈঠক সম্পর্কে তিনি জানান, “আমাদের তেলের কিছুটা ঘাটতি রয়েছে। রাইস ব্রান অয়েল আনার বিষয়েও আলোচনা হয়েছে। অধিকাংশ প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ের, যার মধ্যে ছয়টি প্রকল্প রয়েছে। বাকি প্রস্তাবগুলো খাদ্য গুদাম সম্পর্কিত। এছাড়া এলএনজি আমদানির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।”