মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে ২১.২ শতাংশ, বিশ্বব্যাংক উদ্বেগ প্রকাশ
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে ২১.২ শতাংশে উন্নীত হয়েছে, যেখানে ২০২৩-২৪ অর্থবছরে এটি ছিল ২০.৫ শতাংশ। মঙ্গলবার বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসে আয়োজিত ‘বাংলাদেশ আপডেট’ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানিয়েছে, শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ৬০.৯ শতাংশ থেকে ৫৮.৯ শতাংশে কমেছে, যার মূল কারণ নারীর অংশগ্রহণ কমে যাওয়া। আরও ৩০ লক্ষ কর্মক্ষম বয়সী মানুষ শ্রমশক্তির বাইরে ছিলেন, যার মধ্যে ২৪ লাখ নারী রয়েছেন।
মোট কর্মসংস্থান প্রায় ২০ লক্ষ কমে ৬৯.১ লক্ষে দাঁড়িয়েছে। ফলে কর্মসংস্থান-থেকে-কর্মক্ষম-বয়স জনসংখ্যার অনুপাত কমে ৫৬.৭ শতাংশে নেমেছে।
জিডিপি প্রবৃদ্ধির বিষয়ে বিশ্বব্যাংক বলেছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি সামান্য হ্রাস পেয়ে ৪.০ শতাংশে, যেখানে ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪.২ শতাংশ। তবে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৩ শতাংশ।
বিশ্বব্যাংক আরও উল্লেখ করেছে, বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি ধীর, কর্মসংস্থান সৃষ্টি স্থবির, ব্যাংকিং খাত ঝুঁকিপূর্ণ এবং রাজস্ব আদায় দুর্বল। সরকারি বিনিয়োগও হ্রাস পেয়েছে; বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং মূলধনি পণ্যের আমদানি যথাক্রমে ২৫.৫ শতাংশ ও ১০.২ শতাংশ কমেছে।
রপ্তানি ধীরে ধীরে ফিরে এসেছে, এবং শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ভোগকে সমর্থন করেছে।