বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোট আয়োজন করা হয়, তাহলে এটি হবে সর্বাধিক গ্রহণযোগ্য। রোববার (৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পার্লামেন্টও এটি প্রত্যাখ্যান করতে পারবে না।
হামিদুর রহমান আযাদ বলেন, সনদ বাস্তবায়নের আইনি ভিত্তির জন্য জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে গণভোট আয়োজন করা সম্ভব। তিনি আরও জানান, জনগণ এখনও গণভোটে অভ্যস্ত নয়, তবে নিরাপদ ও সহজভাবে নভেম্বর বা ডিসেম্বরেই এটি করা যেতে পারে। একবার গণভোট সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে কোনো বাধা থাকবে না।
তিনি বলেন, “সনদের আইনি ভিত্তির জন্য গণভোট হলে তা সবচেয়ে গ্রহণযোগ্য হবে। এটি কখনো চ্যালেঞ্জ করলে টিকবে এবং পার্লামেন্টও তা প্রত্যাখ্যান করতে পারবে না।”
জামায়াত-বিএনপির সম্পর্ক প্রসঙ্গে আযাদ বলেন, তাদের মধ্যে কোনো দূরত্ব নেই। এমনকি গণভোটের ফল বিপরীতে গেলেও তারা তা মেনে নেবেন। হামিদুর রহমান আযাদ আরও উল্লেখ করেন, সংস্কারের প্রশ্নে তারা সবসময় সক্রিয় এবং সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরিতে সবাই গণভোটের পক্ষে একমত। গণভোট আগে হবে না পরে—এই বিষয়ে আলোচনা চলতে পারে। নির্বাচন কমিশনই গণভোট আয়োজন করবে, তবে আগে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।