বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নতুন সনদে রাষ্ট্র বদলের রূপরেখা দিল সুজনের ২১ প্রস্তাব
অনলাইন ডেস্ক
সংগঠনটি জানায়, সুজনের এই দফাগুলোতে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি, মন্ত্রিসভা নিয়ন্ত্রিত প্রশাসনিক কাঠামো, ক্ষমতার ভারসাম্য নিশ্চিতকরণ, সংসদ সদস্য প্রত্যাহারের নীতি, এবং মৌলিক অধিকার বিস্তারের প্রস্তাব।
বলা হয়, রাষ্ট্রীয় সংস্কারে ঐকমত্য গঠনে কমিশন ও রাজনৈতিক দলের উদ্যোগকে সহযোগিতা করতেই ‘জাতীয় সনদ’ খসড়া করে জনমত যাচাইয়ের জন্য বহু সংলাপ আয়োজন করে সুজন। সেই সংলাপ থেকে প্রাপ্ত মতামতের আলোকে নতুনভাবে হালনাগাদ করা হয় এ সনদ।
গণমাধ্যম জানায়, সুজনের ২১ দফার কয়েকটি প্রস্তাবে ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলোর সম্মতি মিলেছে। যেমন: সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার, সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব ভাগাভাগি, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীর বহুমুখী পদ আঁকড়ে থাকার সংস্কৃতি বন্ধ করা।
তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো আলোচনা চলমান। যেমন: উচ্চকক্ষসহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, সংরক্ষিত নারী আসনের বাস্তব কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, রাষ্ট্রের মৌলনীতি পুনর্নির্ধারণ, প্রধানমন্ত্রীর মেয়াদকাল সীমাবদ্ধকরণ এবং তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতি।
সুজনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ জুলাই কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত জাতীয় সনদ প্রকাশ করা হবে। বিষয়ভিত্তিক রাজনৈতিক সংলাপের মাধ্যমেই প্রস্তাবনা চূড়ান্ত রূপ পাবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী জাতীয় নির্বাচন পরিচালিত হবে।
সেমিনারে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “এই প্রস্তাবিত জাতীয় সনদ বাস্তবায়িত হলে বাংলাদেশ গণতান্ত্রিক, মানবিক এবং উন্নত রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।”