বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
আলোচিত হত্যাকাণ্ডে ভিসি-পুলিশ ছাত্রলীগ, সবাই ট্রাইব্যুনালের জালে!
অনলাইন ডেস্ক
রংপুরের আলোচিত আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন আগামী ২৮ জুলাই নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ২৪ আসামিকে পলাতক ঘোষণা করেছে ট্রাইব্যুনাল।
আদালত পলাতকদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন, যাতে মামলার কার্যক্রম থেমে না থাকে।
এর আগে সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ ছয়জন আসামিকে। মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত পলাতক ২৪ আসামিকে দ্রুত গ্রেফতারে নির্দেশ দিয়েছেন এবং তাদের আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এই মামলার ৩০ আসামির মধ্যে বর্তমানে চারজন কারাগারে রয়েছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। এছাড়াও অন্য দুই আসামি ভিন্ন মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে আছেন।