বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
জুলাই আন্দোলন: রক্তে লেখা একটি রাষ্ট্রস্বপ্নের অসমাপ্ত ম্যারাথন
অনলাইন ডেস্ক
যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন গর্বের সঙ্গে উচ্চারিত হবে জুলাই আন্দোলনের শহীদ, আহত ও সাহসী যোদ্ধাদের নাম—এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে আয়োজিত প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে এই বক্তব্য দেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কেবল ইতিহাসের পাতা নয়—এটি হয়ে উঠেছে জাতীয় চেতনার অবিচ্ছেদ্য স্তম্ভ। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন শহীদ, আহত ও সংগ্রামীদের নাম উঠে আসবে গর্বের সঙ্গে।
জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, এই স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘ ম্যারাথনের মতো। সময় লাগবে, তবে দেশপ্রেম, ঐক্য ও সংগ্রামের শক্তিতে আমরা সেই স্বপ্ন বাস্তব করবই।
তিনি আরও বলেন, আজকের প্রতীকী ম্যারাথনে যেমন কেউ পেশাদার দৌড়বিদ ছিল না, তেমনি জুলাইয়ের আন্দোলনকারীরাও বিশেষ প্রশিক্ষণ ছাড়াই ভয়ংকর অস্ত্রের মুখোমুখি দাঁড়িয়েছিল অকুতোভয়ে।
উপদেষ্টা আসিফ বলেন, স্বাধীনতার পর নাগরিক মর্যাদা ও সাম্যের জন্য যে সংগ্রাম হয়েছিল জুলাই মাসে, তা ছিল কেবল সময়কালভিত্তিক নয়, বরং একটি নতুন রাষ্ট্র কাঠামোর জন্য স্বপ্নদর্শন। সেই স্বপ্ন এখনো অসম্পূর্ণ, তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত প্রতীকী ম্যারাথনে অংশ নেন শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং তরুণ প্রজন্মের প্রায় সাত শতাধিক প্রতিযোগী। ম্যারাথন শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং আহতদের প্রতি জানানো হয় গভীর কৃতজ্ঞতা। পুরো আয়োজনজুড়ে ছিল এক আবেগময় পরিবেশ এবং ‘জুলাই চেতনা’কে ভবিষ্যৎ প্রজন্মে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার।