বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
বৃষ্টিতে ভিজছে শহর, নিম্নচাপে জমেছে উদ্বেগ!
অনলাইন ডেস্ক
দেশজুড়ে স্থল গভীর নিম্নচাপের দাপট চলছে। শুক্রবার (৩০ মে) দিনভর এই নিম্নচাপের প্রভাব অব্যাহত থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
আবহাওয়াবিদদের ভাষ্যমতে, আজ দেশের পাঁচটি বিভাগের অনেক স্থানে ঝরতে পারে ভারি থেকে অতি ভারি বৃষ্টি। এই নিম্নচাপের রেশ থাকায় শনিবারও (৩১ মে) অনেক এলাকায় বৃষ্টির দাপট থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক শুক্রবার (৩০ মে) গণমাধ্যমকে বলেন, বর্তমানে নিম্নচাপটি স্থল গভীর নিম্নচাপ হিসেবেই বিরাজমান এবং এটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। রাজধানীতে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টির দেখা মিলছে এবং সারাদিন এভাবেই বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
তিনি আরও জানান, শনিবার (৩১ মে) নিম্নচাপের প্রভাব কিছুটা প্রশমিত হলেও রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত গভীর নিম্নচাপের পরবর্তী ধাপে সক্রিয় মৌসুমি বায়ু এই বৃষ্টির কারণ হয়ে উঠবে।
এর আগে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়, বৃহস্পতিবার (২৯ মে) রাতে গভীর নিম্নচাপটি ভারতের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া হয়ে উপকূল অতিক্রম করে সাতক্ষীরা ও আশপাশের এলাকায় অবস্থান নেয়। পরে এটি স্থলভাগে গভীর নিম্নচাপে রূপ নেয়। এই নিম্নচাপ ক্রমেই দুর্বল হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে। এর জেরে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় নামতে পারে ভারি থেকে অতি ভারি বৃষ্টি।