শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
৯০ কোটি রেমিট্যান্স এল, কিন্তু ১১ ব্যাংকে শুন্য!
অনলাইন ডেস্ক
চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে ৯০ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এলেও চমকপ্রদভাবে ১১টি ব্যাংকের এক টাকাও আসেনি। এই তালিকায় রয়েছে এমনকি একাধিক রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও, যা রীতিমতো উদ্বেগজনক।
সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুসারে, মে মাসের প্রথম দশদিনে কোনো রেমিট্যান্স না পাওয়া ব্যাংকের সংখ্যা ১১টি। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, ৫টি বেসরকারি ব্যাংক এবং ৪টি বিদেশি ব্যাংক।
রেমিট্যান্সশূন্য তালিকায় আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংক।
বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক—যারা প্রত্যেকেই এ সময়ে রেমিট্যান্স আনতে ব্যর্থ হয়েছে।
অন্যদিকে, মে মাসের প্রথম দশদিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলো এনেছে ৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংক এনেছে ৫৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ১৬ লাখ ১০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ৪ থেকে ১০ মে পর্যন্ত এসেছে ৮১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলার এবং প্রথম ৩ দিনে এসেছে ৮ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
এরই মধ্যে প্রবাসী আয়ের দিক থেকে মার্চ মাস রেকর্ড গড়েছে—দেশে এসেছিল ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, যা টাকায় প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি। এপ্রিলেও এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ এবং জানুয়ারিতে এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ডলার।