বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
আমের মৌসুমে চাষিদের আশা-হতাশার গল্প!
অনলাইন ডেস্ক
অল্প দিনের ব্যবধানে সাতক্ষীরার বাজারে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ নানা জাতের আমের ছড়াছড়ি। তবে সরবরাহ বেশি হওয়ায় এবং সিন্ডিকেটের জালে আটকে গিয়ে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন আমচাষিরা—এমন অভিযোগ উঠেছে।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন বাগানে চলছে আম পাড়ার ধুমধাম। প্রতিদিন সকাল হতেই ঝুড়ি ভর্তি আম চলে আসছে সাতক্ষীরার প্রধান বাজারগুলোতে। জেলার বাইরের পাইকার ও ক্রেতারাও এরই মধ্যে ভিড় জমাতে শুরু করেছেন এই জেলার খ্যাতনামা আমের টানে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকায় দাম পড়ে যাচ্ছে। কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রজব আলী বলেন, ‘সরবরাহ বেশি হওয়ায় দাম কিছুটা কম। তবে সামনে ক্রেতা বাড়লে দামও ঘুরে দাঁড়াবে।’
চাষিদের ভাষ্য, এবার ফলন কিছুটা কম হলেও আমের সাইজ বড় হওয়ায় ভালো দামের প্রত্যাশা করছেন তারা। তবে গত দুই বছর লোকসানের মুখে পড়েও সরকারের কোনো প্রকার সহায়তা পাননি বলে আক্ষেপ করেছেন অনেকে। চাষিদের দাবি, বাজারে যাতে সিন্ডিকেট ও দালালের কবলে না পড়তে হয়, সেজন্য প্রশাসনকে আরও সক্রিয়ভাবে বাজার পর্যবেক্ষণ করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আমচাষি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দালালদের কারণে আমরা সঠিক দাম পাচ্ছি না। প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ দরকার।’
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন আশ্বস্ত করে বলেন, ‘আমের গুণগত মান অক্ষুণ্ন রেখে এবার বাজারে এসেছে নিরাপদ আম। কোনো সিন্ডিকেটের হাতে কৃষকরা জিম্মি হবেন না, আমরা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছি।’
কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার ৫ হাজার ২৯৯টি বাগানে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬২ হাজার ৮০০ মেট্রিক টন।