বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সোনার বাজারে আগুন—ভরিতে নতুন রেকর্ড গড়ল ২২ ক্যারেট!
অনলাইন ডেস্ক
বহুদিনের ধীরস্থিরতার পর হঠাৎই আবারও ঊর্ধ্বমুখী হলো সোনার দাম। শনিবার (৫ জুলাই) থেকে নতুন দামে দেশের বাজারে বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু।
গত মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। আন্তর্জাতিক বাজারে সোনার দর বাড়ায় দেশীয় বাজারেও নতুন করে দাম সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়।
নতুন তালিকায়, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা ও ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিপ্রতি ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকায়।
এর আগে, ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৯ হাজার ২৯২ টাকা এবং সনাতন ধাঁচের স্বর্ণ ছিল ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা ভরিতে।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপা ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন রুপা ১ হাজার ৫৮৬ টাকা দরে অপরিবর্তিত রয়েছে।
গণমাধ্যম অনুসারে, সবশেষ গত ২৮ জুন সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। নতুন দাম কার্যকর হয় ২৯ জুন থেকে।
২০২৫ সালে এখন পর্যন্ত বাজুস মোট ৪১ বার সোনার দাম পরিবর্তন করেছে, যার মধ্যে ২৭ বার বাড়ানো ও মাত্র ১৪ বার কমানো হয়েছে। তুলনায় ২০২৪ সালে ৬২ বার পরিবর্তনের মধ্যে ৩৫ বার বেড়েছিল দাম, ২৭ বার কমেছিল।