বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সিইসি আশ্বস্ত, ভোটের দিন ঘোষণা হবে সময়মতো!
অনলাইন ডেস্ক
আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নির্বাচনী আইন ও বিধি-সংক্রান্ত এক দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি: গণমাধ্যম
নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ‘এটা আপনারা সময়মতো জানতে পারবেন। আমরা শিডিউল যথাসময়ে ঘোষণা করব, তখনই বিষয়টি স্পষ্ট হবে।’
সকাল সাড়ে নয়টার দিকে অনুষ্ঠিত নির্বাচনী আইন ও বিধি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।
এ এম এম নাসির উদ্দীন আরও জানান, ‘আমরা এখানে কিছু লুকিয়ে রেখে কাজ করছি না। এটি আমাদের পরিকল্পনার অংশ, অনেকে এটাকে রোডম্যাপ বললেও আমি তা রোডম্যাপ হিসেবে দেখছি না, তবে অবশ্যই একটি কর্মপরিকল্পনা রয়েছে।’
নির্বাচনের বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে সিইসি বলেন, ‘এত বড় ও গুরুত্বপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই সুগঠিত একটি পরিকল্পনা থাকা প্রয়োজন। আমাদের নিজস্ব কর্মপরিকল্পনা আছে, যা প্রয়োজন অনুযায়ী সংশোধনযোগ্য; কখনো কখনো নির্বাচনের সময়সূচি দু-চার দিন পূর্ব বা পর হতে পারে।’
সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন অসম্ভব উল্লেখ করে সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা ও প্রশাসনের সহযোগিতা ছাড়া নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এজন্য আমরা নিয়মিত সরকারের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি।’