মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সন্ত্রাসে যুক্ত সত্তা এবার আইনের মুখোমুখি!
অনলাইন ডেস্ক
সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ব্যক্তি ও সত্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়া অনুমোদন পায়।
বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইন প্রণীত হয়।
তবে সে আইনে সন্ত্রাসী সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে কোনো সুস্পষ্ট বিধান ছিল না। তাই সংশোধিত খসড়ায় সরকার এখন যুক্তিসঙ্গত ভিত্তিতে, গেজেট প্রজ্ঞাপন জারি করে, যে কোনো ব্যক্তি বা সত্তাকে সন্ত্রাসের সঙ্গে জড়িত বলে তালিকাভুক্ত করতে পারবে এবং সেই সত্তার কার্যক্রম নিষিদ্ধও ঘোষণা করতে পারবে।
নতুন সংশোধনীতে এ ছাড়াও সময়োপযোগী অভিযোজন, ডিজিটাল প্ল্যাটফর্মে সন্ত্রাসবিষয়ক প্রচার নিষিদ্ধকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধের বিধান যুক্ত করা হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার (১২ মে) সংশোধিত অধ্যাদেশটি প্রজ্ঞাপন আকারে জারি হতে পারে বলে নিশ্চিত করেছে গণমাধ্যম।