বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
“ফেসবুকের গুজব নয়, কলম ধরুন!”—এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কঠোর বার্তা শিক্ষা বোর্ডের
আগামী ১০ এপ্রিল শুরু হচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু এর আগেই একাংশ শিক্ষার্থী পরীক্ষার সময় এক মাস পেছানোর দাবি জানিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে। যদিও এই দাবিকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছে শিক্ষা বোর্ড। বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, রুটিন অনুযায়ীই ১০ এপ্রিল থেকে শুরু হবে পরীক্ষা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি বলেন, “পরীক্ষার সব প্রস্তুতি চূড়ান্ত। সরঞ্জামাদি কেন্দ্রে পাঠানোও প্রায় শেষ। এখন পরীক্ষা পেছানোর কোনও প্রশ্নই ওঠে না। এই মুহূর্তে আন্দোলনের ডাক দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক।”
তিনি আরও বলেন, “আমাদের কাছে থাকা তথ্যে দেখা যাচ্ছে, অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে প্রস্তুত। কিন্তু কিছু ব্যক্তি শিক্ষার্থীর নাম ব্যবহার করে ফেসবুকে গুজব ছড়াচ্ছে, ষড়যন্ত্র করছে। অভিভাবক ও পরীক্ষার্থীদের এসব গুজবে কান না দিয়ে মনোযোগ দিতে হবে পড়াশোনায়।”
উল্লেখ্য, শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী ১০ এপ্রিল থেকে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হবে। এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। দাখিল পরীক্ষার তত্ত্বীয় অংশ শেষ হবে ১৫ মে এবং ব্যবহারিক পরীক্ষা চলবে ২২ মে পর্যন্ত।