বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নামাজ আদায় করেন। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই ঐতিহাসিক জামাতে দেশের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, উপদেষ্টা পরিষদের সদস্যগণ, রাজনৈতিক নেতা, সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা অংশ নেন।
এ বছর ঈদুল ফিতরের প্রধান জামাত ছিল এক অনন্য মিলনমেলা, যেখানে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক প্রধান ইমামের দায়িত্ব পালন করেন, আর ক্বারীর দায়িত্বে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।
ঈদের নামাজ শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সম্প্রীতির জন্য প্রার্থনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।