রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সাদিকা জাহান
ঋতু পরিবর্তনের সময় শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ করে বসন্তকালে সর্দি-কাশি, জ্বর ও অন্যান্য রোগের প্রকোপ বাড়ে। এ সময় বিভিন্ন ওষুধের পাশাপাশি একটি প্রাকৃতিক উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হতে পারে, আর তা হলো নিম।
নিমগাছ আমাদের সবার পরিচিত একটি ঔষধি গাছ। নিমপাতা তেতো স্বাদের হলেও এটি স্বাস্থ্য সুরক্ষায় অসাধারণ ভূমিকা রাখে। নিমপাতার পাশাপাশি নিমের ডাল, ফুল, বীজ এমনকি বাকলও বহুবিধ রোগ নিরাময়ে কার্যকর। আয়ুর্বেদ শাস্ত্রে নিমপাতার বহুল ব্যবহার রয়েছে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: নিমপাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি দেহের বিষাক্ত পদার্থ দূর করে এবং রক্ত পরিষ্কার রাখে। বিশেষজ্ঞদের মতে, নিমপাতার রস লিভারের কার্যক্ষমতা উন্নত করতে সহায়ক।
রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ: ডায়াবেটিক রোগীদের জন্য নিমপাতা একটি প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন এক চামচ নিমপাতার রস খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ডায়াবেটিক রোগীরা এটি গ্রহণ করবেন না।
ব্যথা উপশম: নিমপাতার মধ্যে থাকা লিমোনয়েড যৌগ দেহে প্রদাহ কমাতে সাহায্য করে। এটি প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে, যা ব্যথা ও যন্ত্রণা উপশমে সহায়ক। বর্তমানে বিভিন্ন ব্যথানাশক তেলে নিমপাতার নির্যাস ব্যবহার করা হয়।
ক্যান্সার প্রতিরোধে ভূমিকা: নিমপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে এটি সহায়ক। নিয়মিত নিমপাতা গ্রহণ ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে পারে।
সতর্কতা: যদিও নিমপাতা বেশিরভাগ মানুষের জন্য উপকারী, তবু কিডনি সমস্যায় আক্রান্তদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। এছাড়া যাদের অ্যালার্জির সমস্যা আছে, তাদেরও নিমপাতা খাওয়া উচিত নয়।
সঠিক নিয়মে এবং পরিমাপে নিমপাতা ব্যবহার করলে এটি স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখতে পারে। তবে যেকোনো প্রাকৃতিক উপাদান ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ।