মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের একটি বড় নেটওয়ার্ক ভেঙে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ অক্টোবর) রাতে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত অভিযানে মানব পাচারে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন মোছা. শামসুন্নাহার (৩৫), হোসনে আরা (৩১), নুরুন্নিসা (৪৯), মোহাম্মদ ইসমাইল (৫০), হারুন (৩৫) ও ইউসুফ আলী (৪৭)। পালিয়ে থাকা কালু মিয়া (৩৫) ও হাশেম মোল্লাসহ আরও দুজনকে আটক করতে অভিযান চলছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সূত্রে খবর আসে, সাগরপথে মিয়ানমার থেকে কিছু বিদেশি নাগরিক পাচারকারী চক্র শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার একটি বাড়িতে লুকিয়ে রেখেছে। তারা এসব লোককে বিভিন্ন ক্যাম্পে সরানোর প্রস্তুতি নিচ্ছিল।
বিজিবি তৎপর হয়ে অভিযানে নামলে ছয়জনকে আটক করা সম্ভব হয়। অভিযানকালে চক্রের দুই সদস্য পালিয়ে গেলেও মোছা. শামসুন্নাহারসহ ছয়জনকে প্লাস্টিকের ছাউনির একটি ঘর থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, টাকার বিনিময়ে তারা পাচারকারীদের সঙ্গে মিলে বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, আটক ছয়জনকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিজিবি মাদক ও মানব পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে সীমান্ত সুরক্ষা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। জনগণের জীবন রক্ষায় সাহসী ও কার্যকরী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।