মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের আমলে অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সচেতন ব্যাংক সমাজ, গ্রাহক ফোরামসহ কয়েকটি নাগরিক সংগঠন।
রোববার সকাল পৌনে ১০টার দিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পটিয়া বাহিনী ও এস আলম গ্রুপের অবৈধ দখলদাররা ব্যাংক খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ইসলামি ব্যাংককে দখলমুক্ত করে যোগ্য ও দক্ষ ব্যাংকারদের হাতে পুনর্গঠনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে এস আলম গ্রুপ একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় ইসলামী ব্যাংক বাংলাদেশ দখল করে নেয়। দখলের আগে ২০১৬ সালে ব্যাংকে কর্মরত ছিলেন ১৩ হাজার ৫৬৯ জন কর্মকর্তা-কর্মচারী, যার মধ্যে চট্টগ্রামের ছিলেন ৭৭৬ জন। বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২২ হাজারে। এর মধ্যে প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারী চট্টগ্রাম বিভাগের, যার অধিকাংশই এস আলমের নিজ এলাকা পটিয়া উপজেলার। নিয়মবহির্ভূতভাবে এসব নিয়োগের ফলে দেশের ৬৩ জেলার মেধাবী প্রার্থীরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হন। এতে ব্যাংকের শৃঙ্খলা ও গ্রাহকসেবার মান মারাত্মকভাবে ভেঙে পড়ে।
গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের একচ্ছত্র নিয়ন্ত্রণ শেষ হয়। এরপর থেকেই ব্যাংক কর্তৃপক্ষ এস আলমের সময়ে নিয়োগ পাওয়া ৫ হাজার ৩৮৫ জনের দক্ষতা যাচাইয়ের উদ্যোগ নেয়।
গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মাধ্যমে পরীক্ষার আয়োজন করা হয়। কিন্তু পরীক্ষায় অংশ নেন মাত্র ৪১৪ জন। বাকি যারা উপস্থিত হননি, তাদের মধ্যে প্রায় ২০০ জনকে শৃঙ্খলাভঙ্গের দায়ে বরখাস্ত করা হয়েছে। আর নির্দেশ অমান্য করায় ৪ হাজার ৯৭১ জন কর্মকর্তাকে ওএসডি ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ।