সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়েছে বহু স্থাপনা, বাড়ছে প্রাণহানির সংখ্যা। আফগান সরকারি সম্প্রচারক আরটিএ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৫০০ জন নিহত এবং ১,০০০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে।
টিআরটি ওয়ার্ল্ড জানায়, রবিবার গভীর রাতে সংঘটিত এই কম্পন আফগানিস্তানের পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটিয়েছে। ইতিমধ্যেই আফগান সরকার উদ্ধার তৎপরতা জোরদার করেছে এবং আহতদের দ্রুত হাসপাতালে নিতে হেলিকপ্টার নামিয়েছে।
ভূমিকম্পের অভিঘাত ছড়িয়ে পড়ে রাজধানী কাবুলেও, যা কেন্দ্র থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। এমনকি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, যা প্রায় ৪০০ কিলোমিটার দূরে, সেখানেও কম্পন অনুভূত হয়।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। পাহাড়বেষ্টিত এ অঞ্চলের সরু রাস্তাগুলো উদ্ধারকাজকে জটিল করে তুলেছে। ফলে বিপর্যয়ের মাত্রা সামলাতে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা।