রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
বিদেশে আগুনে পুড়ল আশা, ছয় মাসেও ফেরেনি আকাশ
অনলাইন ডেস্ক
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার আন্দিকোট ইউনিয়নের সোনারামপুর গ্রামের হতদরিদ্র ঘরের ছেলে নুর মোহাম্মদ আকাশ। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্নে বিভোর হয়ে ২০২৪ সালের অক্টোবর মাসে সৌদি আরবের পথে রওনা দেন তিনি।
জিয়াদ এলাকার একটি পেট্রলপাম্পে কাজ শুরু করলেও, চলতি বছরের ফেব্রুয়ারিতে সেই পাম্পেই ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের গ্রাসে পুড়ে না ফেরার দেশে চলে যান আকাশ। যে ছেলেটি নিজের জীবন বাজি রেখে পরিবারের ভবিষ্যৎ গড়তে গিয়েছিল, সে-ই পরিবারের বুক চিরে রেখে গেল অশেষ শোক।
মৃত্যুর ছয় মাস পার হলেও এখনো দেশে ফিরেনি আকাশের মরদেহ। পরিবারের দাবি, সৌদি আরবের জিয়াদ এলাকার একটি হাসপাতালের হিমঘরে আছে তার নিথর দেহ।
ছেলের জমানো কাপড় আর ছবি বুকে নিয়ে কান্নার জলে ভাসছেন মা সাহিদা বেগম। তাঁর আহাজারিতে ভারী হয়ে উঠছে পুরো পাড়া। সান্ত্বনার ভাষা খুঁজে পাচ্ছে না কেউ।
“আমার কলিজা বিদেশ গেছিলো আমার মুখে হাঁসি দেখাইতে, এখন তার লাশটা আইনা দেন। আমি বুকের মধ্যে ধইরা কবর দিমু।”
বাবা রফিকুল ইসলাম বলেন, “৯ মাস আগে ছেলেটা বিদেশ গেছে, ৩ মাসের মাথায় মারা গেছে। ৬ মাস হইল, লাশ আনতে পারি নাই। সরকার যদি সাহায্য করে, ছেলের লাশটা মাটিতে দিতে পারি।”
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান নোয়াব আলী সরকার জানান, পরিবারের আর্থিক সামর্থ্য নেই বলেই লাশ আনা সম্ভব হচ্ছে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন রাষ্ট্রীয় খরচে আকাশের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান গণমাধ্যমকে জানান, “ঘটনাটি আগে জানতাম না। আজ জানার পর বলছি, পরিবার লিখিত আবেদন করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”