রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ল্যাথাম ছাড়াও নিউজিল্যান্ডের টেস্ট জয়ের স্বপ্ন উজ্জ্বল!
অনলাইন ডেস্ক
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বলবৎ পারফরম্যান্স উপহার দিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত থেকেই তারা সিরিজ ট্রফি জিতে নিয়েছে। ফাইনালসহ টানা পাঁচ ম্যাচ জয় করে কিউইরা চ্যাম্পিয়ন হয়েছেন। টি-টোয়েন্টিতে সাফল্যের পর এবার টেস্ট সিরিজ খেলতে মাঠে নামছে ব্ল্যাক ক্যাপসরা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আজ দুপুর ২টায় দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে খারাপ খবর এলো নিউজিল্যান্ড শিবির থেকে। নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম কাঁধের চোটে ভুগছেন, যার ফলে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার এবার লাল বলের সিরিজেও নেতৃত্ব দেবেন। হারারেতে ত্রিদেশীয় সিরিজ জয়ের আনন্দে মেজাজ ফুরফুরে থাকলেও স্যান্টনার প্রথমবারের মতো টেস্টে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন।
প্রথম টেস্টে ল্যাথামের খেলতে না পারার বিষয় নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার, ‘অধিনায়ক ও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে টমের প্রথম টেস্ট মিস করা হতাশাজনক।’
চলতি মাসের শুরুতে বার্মিংহাম বিয়ার্সের হয়ে ভাইটালিটি ব্লাস্টে ফিল্ডিং করতে গিয়ে ল্যাথাম কাঁধে চোট পান। প্রথম টেস্ট শুরুর আগেও ফিট হতে পারেননি তিনি। এনজেডসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ল্যাথাম প্রথম ম্যাচ না খেললেও দলের সঙ্গে থাকবেন এবং আশা করা হচ্ছে ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন। ২০১৬ সালের পর এটি জিম্বাবুয়েতে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট সফর।