রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সিসিটিভিতে ধরা পড়লো মৃত্যু, রহস্যে ঘেরা পুরো ঘটনা!
অনলাইন ডেস্ক
কক্সবাজার সদর উপজেলায় এক ভবন থেকে নিচে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তবে তার পরিবার দাবি করছে, এটি কোনো দুর্ঘটনা নয়—পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে লিংকরোড স্টেশন এলাকার একটি ছয়তলা ভবনে এ ঘটনা ঘটে।
নিহত শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার বাসিন্দা। তিনি লিংকরোড বিসিক শিল্প এলাকায় কাঠ সরবরাহসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং লিংকরোডের ওই ভবনের চতুর্থ তলায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের সন্তানের গৃহশিক্ষক শাখাওয়াত হোসাইন বলেন, প্রতিদিনের মতো সকালে সাড়ে ৫টার দিকে তিনি পড়াতে যান। দরজায় নক করলে মেজবাহ সাহেব নিজেই দরজা খুলে দেন। এরপর তিনি বাচ্চাদের পড়াতে শুরু করেন। কিছুক্ষণ পর মেজবাহ বাসা থেকে বের হয়ে যান, তবে কিছু না বলেই। গৃহশিক্ষক সকাল ৬টা ৫০ মিনিটে বাসা থেকে বের হয়ে যান এবং পরে মৃত্যুর সংবাদ শুনেন।
মেজবাহর ম্যানেজার মো. রাকিব জানান, তিনি নিয়মিত ফজরের নামাজ পড়তে মসজিদে যেতেন। সেদিনও নামাজ শেষে বাসায় ফিরেন। পরে ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান—এ দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
তবে রাকিব বলেন, ফুটেজ দেখে মনে হচ্ছে এটি স্বাভাবিক পতন নয়, বরং কেউ তাকে উপর থেকে ফেলে দিয়েছে। কারণ নিচে পড়ার পর কোনো নড়াচড়া দেখা যায়নি, যা সন্দেহ তৈরি করেছে।
এদিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, পরিবার যেহেতু পরিকল্পিত হত্যার অভিযোগ এনেছে, তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।