রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সিগারেটের আগুনেই ভয়াবহ ট্র্যাজেডি, স্বামী-স্ত্রী দগ্ধ!
অনলাইন ডেস্ক
সাভারে এক ভয়াবহ গ্যাস দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন এক দম্পতি। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে নির্গত জমে থাকা গ্যাসে আগুন ধরে যাওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাদের আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের নাম মিন্টু মিয়া (৩৫) ও তার স্ত্রী ববিতা বেগম (৩০)। তারা কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা হলেও সাভারের আশুলিয়ার গোহাইলবাড়ী এলাকার একটি টিনশেড ঘরে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে এই ভয়াল আগুনের সূত্রপাত ঘটে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিন্টুর শরীরের প্রায় ৬০ শতাংশ এবং ববিতার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। মিন্টুর অবস্থা অত্যন্ত সংকটজনক। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, মিন্টু রান্নাঘরে সিগারেট ধরাতে গেলে গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে হঠাৎ আগুন লেগে যায়। পাশে থাকা ববিতাও আগুনের কবলে পড়েন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার বিষয়ে বাড়ির মালিক নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পাইপ লিকেজ থেকে গ্যাস জমে ছিল। কোনো বিস্ফোরণ হয়নি, কিন্তু আগুন ছড়িয়েছে। ঘরে বড় কোনো ক্ষতি হয়নি।’
ববিতার চাচাতো ভাই শ্রী প্রেমানন্দ চন্দ্র বর্মণ জানান, ‘চিকিৎসকরা জানিয়েছেন মিন্টুর অবস্থা বেশ জটিল। ববিতা কিছুটা ভালো আছেন।’
এ ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। স্থানীয়রা গ্যাস সিলিন্ডার ব্যবহারে অধিক সতর্কতা ও সেফটি চেকের বিষয়ে জোর দেওয়ার দাবি তুলেছেন।