বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সরকার জানালো: মাইলস্টোন দুর্ঘটনার তথ্য গোপন নয়!
অনলাইন ডেস্ক
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছু মহলের তথ্য গোপনের অভিযোগকে সরকার প্রমাণহীন অপপ্রচার হিসেবে খণ্ডন করেছে।
সরকার, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একসঙ্গে সমন্বিতভাবে কাজ করে হতাহতের সঠিক তথ্য জানাতে ব্যাপক চেষ্টা চালাচ্ছে। তাই তথ্য গোপনের অভিযোগ একদমই ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় নিহত ও আহত প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের সহায়তা প্রদানে উদ্যোগ নেওয়া হয়েছে। নিহতদের নাম ও পরিচয় যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। শনাক্তযোগ্য না হওয়া মরদেহগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণের প্রক্রিয়াও শুরু হয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপনের বিষয়টি নিয়ে ছড়ানো অপপ্রচার সম্পর্কে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং স্পষ্ট জানাতে চাই যে, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা।
এ মর্মান্তিক দুর্ঘটনার আহত ও নিহতদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। আমরা সর্বসাধারণের প্রতি আহ্বান জানাই, দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ নিখোঁজ থাকলে দ্রুত বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন; সেখানে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পাশাপাশি, বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথিপত্র থেকে এখনো কেউ নিখোঁজ আছে কি না তাও যাচাই করা হচ্ছে।