বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিক্ষাপ্রতিষ্ঠানে যুদ্ধবিমান বিধ্বস্ত! ২৫ শিশু নিথর শরীর!
অনলাইন ডেস্ক
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, “সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল আসছে আগামীকাল। তাদের সুপারিশ অনুযায়ী যেসব শিশুর অবস্থা গুরুতর, তাদের সিঙ্গাপুরে পাঠানো হবে। অন্যদের দেশে রেখেই উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব।”
এ সময় এমন ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
বিমানটি আছড়ে পড়ে সরাসরি স্কুল ভবনের ওপর। সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
বিধ্বস্ত ভবনে তখন অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিল—হঠাৎ নেমে আসে বিভীষিকাময় এক দৃশ্য। বহু শিক্ষার্থী প্রাণ হারায় ও গুরুতর আহত হয়।
খবর পেয়ে মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। উদ্ধার অভিযানে যোগ দেয় সেনাবাহিনী ও বিজিবি।
বিমানবাহিনীর হেলিকপ্টারে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে, যার মধ্যে ২৫ জনই শিশু।
এছাড়াও শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় মানুষ আহত অবস্থায় চিকিৎসাধীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।