বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
১২ মিনিটেই আগুনে ঝরে গেল নিষ্পাপ প্রাণ!
অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত আটজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর-এর এক বিবৃতিতে জানানো হয়, এখন পর্যন্ত শনাক্ত হওয়া নিচের আটটি মরদেহ তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা হলেন:
১) ফাতেমা আক্তার (০৯), পিতা: গনি শেখ, জেলা: বাগেরহাট
২) সামিউল করিম (৯), জেলা: বরিশাল
৩) রজনী ইসলাম (৩৭), জেলা: কুষ্টিয়া
৪) মেহনাজ আফরিন হুরায়রা (৯), জেলা: টাঙ্গাইল
৫) শারিয়া আক্তার (১৩), পিতা: রফিক মোল্লাহ, জেলা: ঢাকা
৬) নুসরাত জাহান আনিকা (১০), জেলা: ঢাকা
৭) সাদ সালাউদ্দিন (৯), পিতা: মুকুল সালাউদ্দিন, জেলা: মিরপুর, ঢাকা
৮) সায়মা আক্তার (৯), পিতা: শাহআলাম মো:, জেলা: গাজীপুর
তবে বিমানটির একমাত্র পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ এখনো মর্গে রয়েছে।
এদিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, রাজধানীর দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় যাদের মরদেহ শনাক্ত সম্ভব, তাদের দেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের তাৎক্ষণিক শনাক্ত করা যাচ্ছে না, তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে মরদেহ হস্তান্তর করা হবে।
সেখানে আরও জানানো হয়, আহতদের চিকিৎসা নিয়ে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে নজর রাখছেন এবং চিকিৎসার পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল এলাকায় জনসমাগম না করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।
সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর দিয়াবাড়ীর মাইলস্টোন ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান FT-7 BGI বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সাথে সাথেই বিমানে আগুন ধরে যায়। পাইলট তৌকির ছিলেন একা।
আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিটের ব্যবধানে ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়।
এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গন্তব্যে পৌঁছানোর আগেই ঝরে গেল এক ঝাঁক প্রাণ।