বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সেনা পদোন্নতিতে সততা-নেতৃত্ব-নিরপেক্ষতার বার্তা দিলেন ড. ইউনূস
অনলাইন ডেস্ক
অফিসারদের পদোন্নতিতে সততা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, নৈতিকতা, নেতৃত্বের দক্ষতা ও রাজনৈতিক পক্ষপাতহীনতা—এসব গুণাবলির অধিকারীরাই পদোন্নতির যোগ্য।
রোববার (২০ জুলাই) সকালে সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সেনাবাহিনীর অঙ্গীকারের পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা, শৃঙ্খলা এবং দুর্যোগ মোকাবিলায় বাহিনীর অবদান অনস্বীকার্য। এই অব্যাহত ত্যাগ ও দায়িত্বশীলতার জন্য সেনাপ্রধানসহ বাহিনীর প্রতিটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এর আগে, অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন।