বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
তিন দিনের মধ্যে বদলে যেতে পারে দেশের রাজনৈতিক কাঠামো!
অনলাইন ডেস্ক
উচ্চকক্ষ গঠনের বিষয়ে আগামী দু-তিন দিনের মধ্যেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
রোববার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান বৈঠকের শুরুতে তিনি এ মন্তব্য করেন।
ড. আলী রীয়াজ গণমাধ্যমকে জানান, কমিশন ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ সনদ চূড়ান্ত করার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্ট ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ‘উচ্চকক্ষের গঠন নিয়ে দলগুলোর অভিমত বিশ্লেষণ করে দু-তিন দিনের মধ্যে একটি পরিষ্কার ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত প্রকাশ করা যাবে।’
আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন কি না, সেই বিষয়গুলোও গুরুত্ব পাবে বলে জানান সহ-সভাপতি।
তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি, জামায়াতসহ চারটি দলের পক্ষ থেকে মৌলিক প্রস্তাব এসেছে, যেগুলো কমিশনের নিজস্ব প্রস্তাবের সঙ্গে মিলিয়ে খতিয়ে দেখা হবে।’
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আজকের বৈঠকে সব দলের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হতে পারে বলেও আশা প্রকাশ করেন ড. আলী রীয়াজ।