বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শান্তিপূর্ণ হস্তান্তরে জাপানের অঙ্গীকার, গার্ড অব অনারে ইউনূস!
অনলাইন ডেস্ক
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে এক ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পায়।
দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে গৃহীত সংস্কার কার্যক্রম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রচেষ্টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ড. ইউনূস এবং ভবিষ্যতেও এই সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
বৈঠকে আগমন উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে ড. ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়—যা এই বৈঠকের গুরুত্বকে আরও গভীর করে তোলে বলে মনে করছে গণমাধ্যম।