মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ছবি দিয়ে ব্ল্যাকমেইল, কোটি টাকার ফাঁদে কলেজছাত্রী!
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরে এক কলেজছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে শাফায়েত উল্লাহ আকাশ (১৯) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) নগরীর চকবাজার থানার বালি আর্কেড শপিং মলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ লাখ টাকা।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর বয়স ১৮ বছর। তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দেওয়ান বাজার এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন এবং স্থানীয় এক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আড়াই মাস আগে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে পরিচয় হয় শাফায়েতের সঙ্গে।
পরিচয়ের অল্পদিনের মধ্যেই শাফায়েত তরুণীর বিশ্বাস অর্জন করে কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ করেন। এরপর ছবিগুলোকে ডিজিটালি বিকৃত করে আপত্তিকরভাবে উপস্থাপন করেন এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। প্রথমে তিনি দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তরুণীকে পরিবারের গয়নাগাটি এনে দিতে চাপ দেন। ভয়ে তরুণী একাধিকবার তার মায়ের স্বর্ণালংকার শাফায়েতের হাতে তুলে দেন।
পুলিশ আরও জানায়, ভুক্তভোগী তরুণী তার মায়ের চার জোড়া চুড়ি, তিনটি চেইন, ছয়টি আংটি, দুটি নেকলেস ও দুটি দুলসহ মোট ২১ ভরি স্বর্ণ শাফায়েতের হাতে তুলে দিতে বাধ্য হন। এসবের বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ ৫০ হাজার টাকা। তবুও ক্ষান্ত হননি শাফায়েত—চলতে থাকে ব্ল্যাকমেইল। একপর্যায়ে আরও এক লাখ ৬০ হাজার টাকা আদায় করেন এবং ১৫ এপ্রিল চেরাগি পাহাড় মোড়ে তরুণীর কাছ থেকে এক দফায় ৩০ হাজার টাকা নেন।
অভিযোগ পেয়ে তদন্তে নামে কোতোয়ালি থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে গত ২২ মে রাত ৮টার দিকে চকবাজারের বালি আর্কেড এলাকা থেকে শাফায়েতকে আটক করে। তার দেখানো মতে ১৬ ভরি স্বর্ণ ও বিক্রিত পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম গণমাধ্যমকে বলেন, “পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাফায়েতের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।”