সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র একটি নৌযানে ইসরাইলি বাহিনী জলকামান ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বহরের ‘ইউলারা’ নামের নৌযানটি হামলার শিকার হয়েছে। খবর আল জাজিরার।
ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর ওই নৌযানের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে থাকা অংশগ্রহণকারী ও অভিযাত্রীদের অবস্থা এখনও নিশ্চিত নয়।
সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “এটি মানবতার সেবায় নিয়োজিত নিরস্ত্র মানুষের ওপর অবৈধ ও ন্যায়বিরোধী হামলা। আমরা সকল সরকার ও আন্তর্জাতিক সংস্থাকে আহ্বান জানাই—অংশগ্রহণকারীদের তাৎক্ষণিক নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করতে।”
অন্যদিকে, ১৩টি নৌযান থামানো হলেও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ বহরের ৩০টিরও বেশি ছোট-বড় জাহাজ ইসরাইলি বাধা উপেক্ষা করে গাজার দিকে এগোচ্ছে। গাজার উপকূল থেকে নৌযানগুলো মাত্র ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।
লক্ষ্যস্থল গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে বুধবার রাতে ইসরাইলি নৌবাহিনী অন্তত আটটি নৌযান থামিয়েছে। এর মধ্যে রয়েছে: দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। তবে আল জাজিরা ও রয়টার্সের খবরে বলা হয়েছে, ১৩টি নৌযান থামানো হয়েছে।
নৌযানগুলো থেকে অন্তত দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করেছে ইসরাইলি সেনারা। এদের মধ্যে সুইডিশ পরিবেশ ও অধিকারকর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন।